সিলেটের আকাশে রোদ, কমছে বন্যার পানি




টানা তিন দিন ভারী বৃষ্টির পর সিলেটে গতকাল বৃহস্পতিবার দুপুরে রোদের দেখা মেলে। আজ শুক্রবার সকালেও সূর্য উঁকি দিয়েছে। বৃষ্টি থেমে যাওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। কোথাও কোথাও কয়েক ইঞ্চি পরিমাণ পানি নেমেছে। তবে এখনো সিলেটের প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার ছয়টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টা পর্যন্ত সিলেটের সুরমা নদীর কানাইঘাট ও সিলেট পয়েন্টে এবং কুশিয়ারা নদীর অমলশিদ, শেওলা, ফেঞ্চুগঞ্জ ও শেরপুর পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়।

পাউবোর সূত্র অনুযায়ী, কানাইঘাট পয়েন্টে শূন্য দশমিক ৬৫ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে শূন্য দশমিক ১৬ সেন্টিমিটার, অমলশিদ পয়েন্টে শূন্য দশমিক ৬১ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে শূন্য দশমিক ১৩ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১ দশমিক ০২ সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টে শূন্য দশমিক ২৪ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।

এদিকে গতকাল জেলা প্রশাসন জানিয়েছে, নগরের ২৩টি ওয়ার্ডসহ জেলার ১৩টি উপজেলাই কমবেশি প্লাবিত হয়েছে। প্লাবিত গ্রামের সংখ্যা ১ হাজার ৬০২। ৩৬১টি আশ্রয়কেন্দ্রে ২১ হাজার ৭৮৬ জন ঠাঁই নিয়েছে। এ ছাড়া নগর ও জেলায় বন্যায় আক্রান্ত হয়েছেন সাড়ে ৯ লাখ।

Comments