রাসায়নিক সারের ব্যবহারে হুমকির মুখে কৃষি পরিবেশ এপ্রিল ১২, ২০২৪72

 




মাটি একটি অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এটি পৃথিবীর অধিকাংশ জীবের খাদ্য উৎপাদন এবং বসবাসের মাধ্যম। ফসল উৎপাদনে মাটির উপযুক্ত বিকল্প নেই। কৃষিপ্রধান এই বাংলাদেশে প্রাকৃতিক খনিজ সম্পদ খুব একটা বেশি নেই।

ফলে এ দেশের অধিকাংশ মানুষের জীবিকা কৃষি, যা সম্পূর্ণভাবে মাটির ওপর নির্ভরশীল। বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাগ্যের সঙ্গে জড়িত সোনার চেয়ে দামি এই মৃত্তিকাসম্পদ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, এ মাটির পরিবেশ ও মাটির উর্বরতা আজ হুমকির মুখে।

এক সমীক্ষায় জানা গেছে, বাংলাদেশের ৯০ লাখ হেক্টর কৃষিজমির শতকরা ৭৫ ভাগ তার উর্বরতা হারিয়েছে। অধিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহারই এর প্রধান কারণ বলে ওই সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত এক দশকে বাংলাদেশে আবাদযোগ্য জমির মাটির উর্বরতার মাত্রা শতকরা ২ দশমিক ৫ থেকে শতকরা ১ দশমিক ৫-এ দাঁড়িয়েছে।

এক আন্তর্জাতিক সমীক্ষায় বলা হয়েছে, দক্ষিণ এশীয় দেশগুলোর আবাদযোগ্য জমির অর্ধেকই তার উৎপাদনক্ষমতা হারিয়েছে। এর ফলে প্রতিবছর প্রায় ১ হাজার কোটি মার্কিন ডলার ক্ষতি হচ্ছে। খাদ্য ও কৃষি সংস্থা, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি যৌথভাবে এ সমীক্ষা চালায়।

দক্ষিণ এশীয় অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে জমির উর্বরতা হ্রাস পরিস্থিতি আশঙ্কাজনক। জমিতে অধিক মাত্রায় ও নির্বিচারে রাসায়নিক সার ব্যবহারের ফলেই মাটির উর্বরা শক্তি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

Comments